২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যা চলতি অর্থবছরে ছিল শূন্য দশমিক ৫৮ শতাংশ। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ৬৯ হাজার ৪০১ কোটি টাকা ধরা হচ্ছে।
বাজেট প্রস্তাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে সমাজকল্যাণ মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, পুলিশ হাসপাতাল এবং স্থানীয় সরকার বিভাগের স্বাস্থ্য কার্যক্রমের ব্যয়ও অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় সংসদে এ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগের জন্য বরাদ্দ নির্ধারণ করা হচ্ছে ৪৯ হাজার ৩৮৬ কোটি টাকা, যা আগের বছরের সংশোধিত বাজেট ২১ হাজার ৯৩৩ কোটি টাকা এবং মূল বাজেট ১৪ হাজার ৭৬৩ কোটি টাকার তুলনায় বেশি। এর মধ্যে উন্নয়ন খাতে ২৬ হাজার ৮০৫ কোটি টাকা রাখা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বরাদ্দ ১৩ হাজার ৪৬৬ কোটি টাকা ধরা হচ্ছে, যা আগের বছরের সংশোধিত বাজেট ৬ হাজার ১২১ কোটি টাকা এবং মূল বাজেট ৪ হাজার ২৬৮ কোটি টাকার তুলনায় বেশি। এ বিভাগের উন্নয়ন খাতে বরাদ্দ ৮ হাজার ২২১ কোটি টাকা।
স্বাস্থ্য সেবা বিভাগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ ধরা হচ্ছে ২৬ হাজার ৮০৬ কোটি টাকা। ২০২৩–২৪ অর্থবছরে প্রকৃত ব্যয় ছিল ২ হাজার ১ কোটি টাকা। ২০২৪–২৫ অর্থবছরে মূল বাজেটে বরাদ্দ ১১ হাজার ৬১৭ কোটি টাকা থাকলেও সংশোধিত বাজেটে তা ৩ হাজার ১১৮ কোটি টাকায় নেমে আসে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এডিপি বরাদ্দ ৮ হাজার ২২১ কোটি টাকা ধরা হয়েছে। ২০২৩–২৪ অর্থবছরে প্রকৃত ব্যয় ছিল ৪১২ কোটি টাকা। ২০২৪–২৫ অর্থবছরে মূল বাজেট ৫ হাজার ৯৩২ কোটি টাকা থেকে সংশোধিত বাজেটে ১ হাজার ৩৪৬ কোটি টাকায় কমে আসে। দুই বিভাগের সম্মিলিত এডিপি বরাদ্দ ধরা হচ্ছে ৩৫ হাজার ২৭ কোটি টাকা।


