২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত প্রস্তাব করা হবে।
নতুন অর্থবছরের অর্থবিলে এই মূল্যসংযোজন কর অব্যাহতির সুযোগ চাওয়া হয়েছে। ফলে, ২০২৮ সাল পর্যন্ত মেট্রোরেলের টিকিটের দাম বাড়ার সম্ভাবনা কম।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
ঢাকার যানজট কমানো এবং নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে সরকার ২০২৫ সালের জুন পর্যন্ত মেট্রোরেলের সেবার ওপর সম্পূরক কর অব্যাহতির সুযোগ দেয়। সে বছর আবারও ছয় মাসের জন্য এই সুযোগ বাড়ানো হয়। সবশেষ এ বছরের জুন পর্যন্ত এই সুযোগ বাড়ানো হয়।
দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে মেট্রোরেলকে জনপ্রিয় করতে ভ্যাট অব্যাহতির উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার।
ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করলেও পরে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করে মেট্রোরেল। বর্তমানে মেট্রোরেল দিনে গড়ে সোয়া চার লাখের মতো যাত্রী পরিবহন করে।


