ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ মানব কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান।
গ্রেপ্তারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মোঃ আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং মো. ফয়সাল আহম্মেদ। এসময় তাদের কাছ থেকে ৪৭টি মাথার খুলিসহ মানব দেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ মার্চ রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনিপুরীপাড়ার ১নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরেরদিন তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
একইদিন দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন ‘সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের’ হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ঘর থেকে ছড়ানো ছিটানো অবস্থায় আরও ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রটি গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে চড়া দামে বিক্রি করতো।
তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। পুলিশ আরও জানায় মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সী এরশাদের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।


