দেশব্যাপী ওষুধ বিক্রয়ের কমিশন ১২ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করার দাবিতে আগামী ৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
সোমবার সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি ময়নুল হক চৌধুরী। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ওষুধ ব্যবসায়ীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় গত ৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি ১৫ দিনের মধ্যে কমিশন হার ১২ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করার দাবি জানায় এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি পাঠায়।
নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে কোনো জবাব না পাওয়ায় ৩ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা সব ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
এ সময় জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ অব্যাহত রাখতে প্রতিটি হাসপাতালের সামনে একটি করে ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।


