তিন দিনের সরকারি সফরে ভোলায় যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে ভোলায় পৌঁছাবেন তিনি।
সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে রওনা দিয়ে বিকাল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে উঠবেন। এদিন বিকাল ৫টার দিকে নিজ নির্বাচনি এলাকা লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন হাফিজ উদ্দিন আহমদ।
পরদিন শুক্রবার সকাল ৯ টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর বিকাল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে তার মতবিনিময় সভা করার কথা রয়েছে।
শনিবার সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। এরপর দুপুরের দিকে ফের সড়ক পথে ঢাকায় ফিরবেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই হাফিজ উদ্দিনের নির্বাচনি এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর। ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।


