রাজধানীর দক্ষিণখানে দুই বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ, সেই প্রতিবেশী শিশুটির বয়সও মাত্র ১০ বছর।
সোমবার দুপুরে দক্ষিণখান কাওলা টেকবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে শিশুটির মা জানান, তারা ওই বাসায় ভাড়া থাকেন। শিশুটির বাবা তার ভূমিষ্ঠের আগেই তাদের ছেড়ে অন্যত্র চলে যান। একমাত্র ওই শিশু সন্তানকে নিয়ে বাসাটিতে একাই থাকেন তিনি। অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। কাজে গেলে শিশুটিকে একাই বাসায় রেখে যান।
তিনি আরও জানান, সোমবার দুপুরে শিশুটিকে বাসায় রেখে কাজে চলে যান তিনি। দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরে দেখেন, শিশুটির পরনের জামা ভেজা এবং রক্তমাখা। তখন শিশুটির কাছ থেকে জানতে পারেন, পাশের বাসার ১০ বছর বয়সী আরেক ছেলে শিশু তাকে যৌন নিপীড়ন করেছে।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির গোপনাঙ্গে ইনজুরি রয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিশু যৌন নিপীড়নের খবর পেয়েছি। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


