ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ প্রথম পাঁচ ঘণ্টায় দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, দেশের ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কোথাও বড় ধরনের বিলম্ব বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
‘আমরা ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের রিপোর্ট পেয়েছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটের হার ৩২.৮৮ শতাংশ।’
তিনি আরও জানান, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। নিজেও ধানমন্ডির একটি কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে ভোট দিয়ে অফিসে কাজে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন আখতার আহমেদ।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।


