বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৮৬ টাকার লভ্যাংশ জমা দিয়েছে ট্রান্সকম গ্রুপ।
বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট তার অফিসকক্ষে ট্রান্সকম গ্রুপের একটি প্রতিনিধিদল এই চেক হস্তান্তর করেন।
ট্রান্সকম গ্রুপের ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ থেকে অর্জিত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ প্রতিবছর এই সরকারি তহবিলে প্রদান করা হয়। ট্রান্সকম গ্রুপের পরিচালক এম সাব্বির আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর নিকট চেকটি তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী এই অনুদানের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে ও আপদকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


