দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫৯।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ সময় দুইজন ঢাকায়, একজন সুনামগঞ্জে ও একজন ময়মনসিংহে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৮০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৬৩ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৪ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক চার শতাংশ নারী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


