জাকার্তার নীল টার্ফে বৃহস্পতিবার এক ‘রোলারকোস্টার রাইড’ ম্যাচের সাক্ষী হলেন অর্পিতা-রিয়ারা। এশিয়ান গেমসের হকি বাছাইপর্বের রোমাঞ্চকর এক লড়াইয়ে দুইবার এশিয়ান গেমসে খেলা শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী দল। জয়ের খুব কাছে গিয়েও লিড হারানো, এরপর হারের কিনারা থেকে ঘুরে দাড়িয়ে ড্র, এমন নাটকীয়তায় ভরা ম্যাচে জাকার্তায় এশিয়ান গেমস বাছাই পর্ব যাত্রা শুরু করে বাংলাদেশ। হ্যাটট্রিক করে মাঠ মাতালেন অর্পিতা পাল, আর তাকে যোগ্য সঙ্গ দিলেন আইরিন রিয়া ও কণা আক্তার।
ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো। ‘এ’ গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে অষ্টম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে লিড এনে দেন আইরিন রিয়া। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, পরের মিনিটেই ফিল্ড গোলে সমতা ফেরায় চাইনিজ তাইপে। দমে না গিয়ে দশম মিনিটে আবারও আক্রমণ শাণায় বাংলাদেশ। সার্কেলের ভেতর থেকে অর্পিতা পালের আলতো টোকা যখন জালের ঠিকানা খুঁজে নিল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে অর্পিতা ব্যবধান ৩-১ করলে মনে হচ্ছিল জয়টা কেবল সময়ের ব্যাপার। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে যায়। অভিজ্ঞ চাইনিজ তাইপে দুর্দান্তভাবে ছন্দে ফেরে। পেই-সান ও ফান হুই-উনের জোড়া গোলে ম্যাচে সমতা (৩-৩) ফিরিয়ে আনে তারা। বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই হুয়াং টিনের পেনাল্টি কর্নার গোল এবং ৩৬তম মিনিটে তারই দ্বিতীয় লক্ষ্যভেদ বাংলাদেশকে ৫-৩ ব্যবধানে ব্যাকফুটে ঠেলে দেয়। হারের শঙ্কা যখন কালো মেঘের মতো বাংলাদেশ শিবিরে উঁকি দিচ্ছিল, তখনই জ্বলে ওঠেন কণা আক্তার।
৪০তম মিনিটে কণা আক্তারের করা দৃষ্টিনন্দন গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। পাল্টা আক্রমণে সতীর্থের নিখুঁত পাস ধরে এক ডিফেন্ডারকে এড়িয়ে এবং গোলকিপারকে বোকা বানিয়ে তার রিভার্স হিটটি ছিল এক কথায় অনবদ্য। এই গোলেই আত্মবিশ্বাস ফিরে পায় অর্পিতার দল। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে বুলেট গতির এক হিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৫-৫ সমতায় ফেরান অর্পিতা পাল। শেষ কোয়ার্টারে দুই দলই গোল করার আপ্রাণ চেষ্টা করলেও রক্ষণভাগের দৃঢ়তায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে উজবেকিস্তান, আর ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে বাংলাদেশ ও চাইনিজ তাইপে। আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার টিকিট পেতে হলে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া চাই। সেই কঠিন সমীকরণ মাথায় নিয়েই শুক্রবার শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। হংকংকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া উজবেকিস্তানের বিপক্ষে অর্পিতাদের এই লড়াই এখন টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


