দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
বুধবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।
এর আগে গত ১৯ অক্টোবর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা এতদিন ছিল দেশের বাজারে সর্বোচ্চ দাম। তখন ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ছিল ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা।


