রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
গঠনতন্ত্র অনুমোদনের পর সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে দায়িত্ব পুনর্বণ্টনের পাশাপাশি নতুন কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় প্রফেসর শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় সাধারণ সদস্য অন্তর্ভুক্তির জন্য সদস্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনের সাধারণ সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়।
সভায় বক্তারা তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থসংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সংগঠনের ভূমিকার বিষয়ে মতামত তুলে ধরেন।


