সরকারি সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) এবং নাটক, চলচ্চিত্র ও অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের মধ্যে দুই বছর মেয়াদি একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার ঢাকার আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন পর্যটন করপোরেশনের জি এম (বাণিজ্যিক) আ ন ম মোস্তাদুদ দস্তগীর এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় দেশের পর্যটন খাতের প্রসার এবং পর্যটন করপোরেশনের বিভিন্ন বাণিজ্যিক ইউনিটের প্রচারের লক্ষ্যে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে দেশের নাটক, প্রামাণ্যচিত্র ও অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হচ্ছে–এই প্রেক্ষাপটে পর্যটন স্থাপনাগুলোর প্রচারণায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ডিরেক্টরস গিল্ডের নিবন্ধিত সদস্যরা নাটক, সিনেমা ও অন্যান্য অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের শুটিংয়ের জন্য পর্যটন করপোরেশনের হোটেল, মোটেল ও রিসোর্ট কম্পাউন্ড বিনা ভাড়ায় ব্যবহার করতে পারবেন। পাশাপাশি শুটিং চলাকালে আবাসনের ক্ষেত্রে বাপকের বাণিজ্যিক ইউনিটগুলো বিশেষ রেয়াতি মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন গিল্ডের সদস্যরা।
অন্যদিকে নির্মিত নাটক, চলচ্চিত্র ও অডিও-ভিজ্যুয়াল কনটেন্টে পর্যটন করপোরেশনের হোটেল, মোটেল ও অন্যান্য স্থাপনার প্রচারণা চালানো হবে। শুটিং স্পট হিসেবে সংশ্লিষ্ট বাণিজ্যিক ইউনিটের নাম ব্যবহারের কথাও উল্লেখ রয়েছে চুক্তিতে। ভিজ্যুয়াল স্টোরি টেলিংয়ের মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব স্থাপনাকে ইতিবাচক ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই চুক্তির মাধ্যমে দেশে ও বিদেশে বাপকের বাণিজ্যিক ইউনিটগুলোর প্রচার আরও বেগবান হবে।’ ভবিষ্যতে পর্যটনের প্রসারে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘পর্যটন করপোরেশনের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পাওয়া গিল্ডের জন্য গর্বের বিষয়।’
তিনি আশা প্রকাশ করেন, নাটক ও অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন বিশ্বদরবারে আরও বেশি তুলে ধরা সম্ভব হবে।


