২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে।
৮ জুন সকাল ৮টা থেকে ৯ জুন সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়ে হাম উপসর্গ থাকা রোগী শনাক্ত হয়েছেন ৯৮০ জন। নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন।
মঙ্গলবার সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত দেশে মোট হাম উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৬ হাজার ১৭০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন ৬২ হাজার ২৯২ জন।
গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি হাম উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে এবং ল্যাব-নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ৩ জন হাম উপসর্গ থাকা রোগীর মৃত্যু হয়েছে, তারা ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বিভাগ ওয়ারী পরিসংখ্যানে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকায় এ পর্যন্ত মোট হাম সন্দেহ থাকা রোগী ৩৭ হাজার ৭৯৮ জন এবং নিশ্চিত হাম রোগী ৬ হাজার ৮২২ জন। ঢাকায় হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৩ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

