বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং বলেছেন, রিজার্ভ সঞ্চয় আইএমএফ সমর্থিত কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। কারণ, দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপ মোকাবিলা করছে।
শুক্রবার হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য পেমেন্ট ভারসাম্যের ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।’
থমাস হেলব্লিং জানান, ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফের একটি মিশন এ মাসেই ঢাকায় আসবে। মিশনটি সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করবে এবং মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা করবে।
তবে রিজার্ভ বৃদ্ধির যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না–আইএমএফ সেটিও মূল্যায়ন করবে বলে তিনি উল্লেখ করেন।
আইএমএফের হিসাব অনুযায়ী, ১৬ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। গত বছরে যা ছিল ১৯ দমমিক ৯৩ বিলিয়ন ডলার।


