চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে জারি করা রুলের শুনানির জন্য ২৪ জুন দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম।
এর আগে, ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ দেয় নির্বাচন কমিশন। পরে সেই আদেশ স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। এর ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত ও ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। ১৬ জুন সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ।
হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল, গেজেট প্রকাশ ও শপথ স্থগিত থাকবে।


