রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যাসহ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে একাধিক শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নারীশক্তি।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, পল্লবীর ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টারও কম সময়ে সারাদেশে তিনটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যার ঘটনাও রয়েছে। নাটোরে ছয় বছরের শিশু এবং ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এসব ধারাবাহিক ঘটনা দেশে নারী ও শিশুদের চরম নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরছে। ঘর থেকে স্কুল—সবখানেই তারা অনিরাপদ। বিচারহীনতার সংস্কৃতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে।
জাতীয় নারীশক্তি দাবি জানিয়েছে, পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ৯০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় একাধিক শিশু নির্যাতনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলার প্রমাণ। কেন এসব ঘটনা বারবার ঘটছে, তার জবাব রাষ্ট্রকে দিতে হবে।
নিহত ও নির্যাতিত শিশুদের পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলো যেন সামাজিক হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বিশেষ টাস্কফোর্স গঠন, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার এবং ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারগুলোকে আরও কার্যকর করার আহ্বান জানানো হয়।
বিবৃতির শেষে জাতীয় নারীশক্তি হুঁশিয়ারি দিয়ে জানায়, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নারী ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


