২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নতুন মৌসুম শুরু করার আগের দিন বদলে গেছে বিরাট কোহলিদের দলের মালিকানা।
মঙ্গলবার ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১৬ হাজার ৬০০ কোটি রুপিতে আরসিবির মালিকানা কিনেছে আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কন্সোর্টিয়াম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৮৫০ কোটি টাকা।
এই কন্সোর্টিয়ামে অংশীদারিত্ব আছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, বোল্ট ভেঞ্চারস ও ব্ল্যাকস্টোনের। এখন থেকে আরসিবির নারী-পুরুষ দুই দলেরই দায়িত্ব সামলাবে ব্যবসায়ীদের এই কনসোর্টিয়াম।
২০০৮ সালে ১১১.৬ মিলিয়ন ডলারে আরসিবির মালিকানা নিয়েছিলেন বিজয় মালিয়া। তবে ২০১৬ সালে নিজের অংশীদারিত্ব ছেড়ে দেন তিনি। এরপর নিয়ন্ত্রণ নেয় যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান ডায়াজিওর। গত মৌসুমে শিরোপা উদযাপনের অনুষ্ঠানে ১১ জন সমর্থক পদদলিত হয়ে মারা গেলে, প্রতিষ্ঠানটির ওপর চাপ বাড়ে মালিকানা বিক্রির। এরপর গত বছরের নভেম্বর দল বিক্রির সিদ্ধান্ত নেয় তারা।
মালিকানা বদলের এই চুক্তিও বিশাল অঙ্কের। ২০২১ সালের আসরে বিসিসিআই লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আর গুজরাট টাইটান্সের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছিল ১.৬৯ বিলিয়ন ডলারে। এবার সেখানে এক আরসিবির জন্যই নতুন কন্সোর্টিয়াম খরচ করেছে ১.৭৮ বিলিয়ন ডলার। ১৮ বছরে আরসিবির দাম বেড়েছে ১৪৯৫ শতাংশ।


