অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়মবহির্ভূতভাবে ঋণ দেওয়ার মাধ্যমে ১৮৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
অভিযুক্তদের মধ্যে আছেন, ব্যাংকের চট্টগ্রামের আসাদগঞ্জ শাখার সাবেক প্রধান কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ, সাবেক উপমহাব্যবস্থাপক আবুল হোসেন তালুকদার, ঢাকা সার্কেল-২ এর সাবেক জেনারেল ম্যানেজার ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সাবেক জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামস উল ইসলাম, সাবেক উপমহাব্যবস্থাপক তাজরিনা ফেরদৌসী এবং সাবেক জেনারেল ম্যানেজার মোফাজ্জল হোসেন।
অন্য আসামিরা হলেন মিজান ট্রেডার্সের মালিক মিজানুর রহমান, জাশমির ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ এবং পরিচালক টিপু সুলতান ও ফারহাদ মনোয়ার।
এক বিজ্ঞপ্তিতে দুদক জানিয়েছে, ‘মেসার্স মিজান ট্রেডার্সের নামে ছোলা ও গম আমদানির জন্য ঋণ অনুমোদন করা হলেও প্রকৃত সুবিধাভোগী ছিল নূরজাহান গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠান জাশমির ভেজিটেবল অয়েল লিমিটেড। মিজানুর রহমানকে আড়াল হিসেবে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণ অনুমোদন ও উত্তোলন করা হয়।’
দুদক আরও জানায়, নূরজাহান গ্রুপ ব্যাংক শাখায় একটি বেনামী হিসাব খোলে যা পরে পরিচালনা করেন জাশমির ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ।
এই হিসাবের মাধ্যমে বড় অঙ্কের ঋণ অনুমোদন হয় এবং শর্ত পূরণ না করেই পরিকল্পিতভাবে ব্যাংকের ৫১ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।


