আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ছয়টি রাজনৈতিক দল নিয়ে গঠিত রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।
১৪০ জনের তালিকার মধ্যে গণতন্ত্রের মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের অনেকে রয়েছেন। এর মধ্যে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ আসনে জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বলেন, ‘গণতন্ত্র মঞ্চের ৬টি সংগঠন একত্রে নির্বাচন করার সিদ্ধান্তে এসেছে। তাছাড়া জোটে যুক্ত হতে পারে এমন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা রয়েছে। সেদিক থেকে মঞ্চের আকার বাড়তে পারে, তাছাড়া অন্যভাবেও মঞ্চের আকার বাড়তে পারে।’
নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে গণতন্ত্র মঞ্চসহ কোনো নির্বাচনী জোট হতে পারে, সেই জোটের আরো বৃহত্তর জোটের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘সেসব দিক বিবেচনা করে আমরা তিন ধরনের তালিকা তৈরি করছি। প্রথমে আমরা ৩০০ আসনে প্রার্থী তালিকা বাছাই করব, এর মধ্যে আমরা ১৪০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছি। বাকি আসনগুলো পরে ঘোষণা করব।’
তবে এই জোট আরও বড় করা হলে তা সমঝোতার ভিত্তিতে কমানো বা বাড়ানো হবে বলেও জানান তিনি।
গণতন্ত্র মঞ্চে থাকা দলগুলো হলো: জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।


