সরকার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’-তে জনরায় চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।
শনিবার সকালে কক্সবাজারে শহীদ সুভাষ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আর না দাঁড়ালে, বাংলাদেশে পরিবর্তন আসতো না। জনসমর্থন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। তাই সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে বলেই তারা ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’-এর প্রচারণা করবে।”
“যারা জনগণের অধিকারের পক্ষে, যারা আর কখনো আয়নাঘর, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফিরে আসুক চায় না তারা ‘হ্যাঁ’- এর পক্ষে থাকবে,” যোগ করেন তিনি।


