পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক অঙ্গনে তার নতুন যাত্রার মধ্যেই সামনে এলো আরেকটি খবর— দীর্ঘ ১৩ বছর পর মুক্তি পাচ্ছে তার ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত নতুন সিনেমা আবার হাওয়া বদল।
‘হাওয়া বদল’-এর জনপ্রিয় সেই ত্রয়ী রুদ্রনীল, পরমব্রত ও রাইমা সেন এবার ফিরছেন নতুন গল্প নিয়ে। ছবিতে আরও রয়েছেন অনুষা বিশ্বনাথন। নির্মাতারা জানিয়েছেন, চলতি জুনেই মুক্তি পাবে সিনেমাটি।
গত কয়েক বছরে টালিউডের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। সেই প্রেক্ষাপটে ‘আবার হাওয়া বদল’ নিয়ে দর্শকের আগ্রহও তৈরি হয়েছে আলাদাভাবে। বিশেষ করে একদিকে বিজেপি-ঘনিষ্ঠ রুদ্রনীল, অন্যদিকে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা পরমব্রত— এই সমীকরণ ঘিরে বাড়ছে আলোচনা।
এ প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে রুদ্রনীল বলেন, সিনেমাটি ২০২৩ সাল থেকেই মুক্তির জন্য প্রস্তুত ছিল। গত বছরের ডিসেম্বরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। তবে নানা কারণে তা পিছিয়ে যায়। পরে নির্বাচনের পর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভাষায়, বাস্তবের রাজনৈতিক ‘হাওয়া বদল’ আর ছবির নাম মিলে গিয়ে এখন এক ধরনের ‘মজার পরিস্থিতি’ তৈরি হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, প্রথম সিনেমার চেয়েও দর্শক এবার বেশি আনন্দ পাবেন।
অন্যদিকে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য প্রসঙ্গে পরমব্রত বলেন, তিনি নিজেকে কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে দেখেন না। তবে বিজেপির মতাদর্শের সঙ্গে তার দ্বিমত রয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের ফল এবং সেটিকে তিনি সম্মান করেন।
পরমব্রত আরও বলেন, রুদ্রনীলের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ও কাজের সম্পর্ক রয়েছে। তাই রাজনৈতিক মতভেদ সিনেমার কাজে কোনো প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। বরং এই সময়েই ছবিটি মুক্তি পাওয়া দর্শকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


