শিক্ষা খাতের নানা সমস্যার সমাধানে সরকার নীতিমালায় পরিবর্তন আনছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশে সামাজিক অস্থিরতা ও মব কালচার প্রতিরোধে শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে কক্সবাজারের সাহিত্যিকা মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, সরকারের লক্ষ্য শুধু প্রশাসনিকভাবে সমস্যা সমাধান করা নয়, বরং নীতিগত সংস্কারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সঙ্কট মোকাবেলা করা।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে রয়েছে, তা সমাধানে সরকার নীতিমালায় পরিবর্তন আনছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের চাহিদা পূরণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’
শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, ‘একই সঙ্গে শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তা পূরণেও কাজ করা হচ্ছে।’
শিক্ষা খাতের সমস্যাগুলো সমাধান করলে দেশের অর্থনীতি এবং সামাজিক নানা সমস্যা অনেকাংশে কমে আসবে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে সামাজিক অস্থিরতা ও মব কালচার প্রতিরোধে শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তোলার দিকে নজর দিতে হবে।
প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী না হলে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে না। এজন্য শুধু বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং শিশুদের বিদ্যালয়মুখী রাখতে পুষ্টি সহায়তা নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।’


