নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
সংগঠনটি জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বুধবার একটি অটোরিকশা গ্যারেজে ‘দুষ্টামির ছলে’ শিশুটির পায়ুপথে উচ্চগতিতে বাতাস প্রবেশ করানো হয়। এতে সে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শনিবার এক বিবৃতিতে এই বর্বর ও অমানবিক ঘটনাকে মানবতা ও সভ্যতার বিরুদ্ধে এক গভীর আঘাত হিসেবে অভিহিত করেছে এইচআরএসএস।
সংগঠনটি দেশে শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, শিশু সুরক্ষা ব্যবস্থায় গুরুতর ঘাটতি এবং সামাজিক সচেতনতার অভাব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
এইচআরএসএসের সংগ্রহ করা তথ্যমতে, চলতি বছরের প্রথম চার মাসে দেশে ৫১৯ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৯৫ জন শিশু প্রাণ হারিয়েছে এবং ৩২৪ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।
বিবৃতিতে সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে–নিরপেক্ষ ও দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও মানসিক সহায়তা দেওয়া। শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা। কর্মস্থল, গ্যারেজসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু বিচার নয়, বরং সামাজিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতা গড়ে তোলাও জরুরি। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।


