মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারের দোহায় আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু অবশেষে দেশে ফিরেছেন। দীর্ঘ ১৩ দিনের অনিশ্চয়তার পর তারা নিরাপদে দেশে ফিরেছেন।
মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৭২২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এর আগে কাতারের দোহা থেকে কাতার এয়ারওয়েজের কিউআর-১১৪৮ ফ্লাইটে করে তারা ওমানের মাস্কাটে পৌঁছান।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দোহাগামী ফ্লাইটে থাকা ১০ জন কেবিন ক্রু ও ২ জন ককপিট ক্রু কাতারের দোহায় অবস্থান করছিলেন। তবে মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল সংঘাতকে ঘিরে তৈরি হওয়া যুদ্ধাবস্থার কারণে তারা নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি। নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তারা প্রায় দুই সপ্তাহ সেখানে আটকা থাকেন।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিকল্প ব্যবস্থায় তাদের দেশে ফেরানো হয়। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ কেবিন ক্রু ইউনিয়নের নেতারা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
ফেরত আসা ক্রু সদস্যরা জানান, দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে থাকতে হলেও শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন।
সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা সাময়িকভাবে বাতিলের ঘটনাও ঘটছে।


