আগামী ১০ মার্চ বগুড়া সদর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তার প্রথম বগুড়া সফর।
শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজ কল্যাণ, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সরকার প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় চার মাসব্যাপী পাইলট কার্যক্রম শুরু করবে। ধাপে ধাপে দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবে।
পাইলট পর্যায়ে ৬ হাজার ৫০০ পরিবারকে এ উদ্যোগের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী অতি দরিদ্র, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের নারীরা এ কর্মসূচির আওতায় আসবেন।
প্রতিটি পরিবারের একজন নারীকে কার্ডধারী হিসেবে নিবন্ধন করা হবে এবং প্রতিটি ওয়ার্ডে যোগ্য বিবেচিত সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে ঘোষিত এ কর্মসূচির ব্যয় মাসে প্রায় ৫ হাজার কোটি টাকা এবং বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


