প্রথম দুই ম্যাচে হারের পর সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেটা তাই বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এই ম্যাচেও টসে হেরেছেন মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
এই ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। একাদশে আনা হয়েছে মোহাম্মদ নাঈম শেখ, শামীম পাটোয়ারী, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে।
আগের ম্যাচে পায়ের মাংশপেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন রহমত শাহ। তার বদলে একাদশে এসেছেন ইকরাম আলীখিল। পেসার বশির আহমেদ বাদ পড়েছেন, সুযোগ পেয়েছেন বিলাল সামি।
সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২২১ রান করে হেরেছে ৫ উইকেটে। অবশ্য সেই ম্যাচে ১৬৯ ডট বলই গড়ে দিয়েছিল পার্থক্য। দ্বিতীয় ম্যাচে মিরাজদের লক্ষ্য ছিল কেবল ১৯১ রান। রশিদ খানের স্পিন জাদুতে সেই ম্যাচে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র ১০৯ রানে। এর সাথে আজমতউল্লাহ ওমরজাইও নতুন বলে বেশ ভুগিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের।
ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক রেকর্ড একেবারেই পক্ষে নেই বাংলাদেশের। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে জিতেছে কেবল একটিতে, চলতি বছর শ্রীলংকা সফরে। সেবার ওই এক জয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে জিততে পারেনি একটি ম্যাচও। অথচ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল ওয়ানডে সুপার লিগের তৃতীয় অবস্থানে থেকে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক),শামীম পাটোয়ারী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, ইকরাম আলিখিল , হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লাহ মোহাম্মদ গাজানফার ও বিলাল সামি।


