‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত হওয়ায় ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মানবাধিকার সুরক্ষা ও গুম প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও মানবাধিকারকর্মী তুলি।
রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেছেন, নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য সানজিদা ইসলাম তুলির মনোনীত হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবাধিকার এবং বিশেষ করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তুলির কাজের স্বীকৃতি অনন্য ও তাৎপর্যময়।
তিনি বলেন, ‘এটি দেশের অনেক পরিবারের মুখোমুখি হওয়া কঠিন সংগ্রামের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই পুরস্কারপ্রাপ্তি ন্যায়বিচারের দাবির সঙ্গে বিশ্ববাসী উৎসাহিত হবে নিঃসন্দেহে।’
প্রসঙ্গত, নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে প্রতিবছর বিশ্বের নানা প্রান্তে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের নিয়ে ‘মায়ের ডাক’ সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তুলি। তার ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অদ্যাবধি তার আর খোঁজ মেলেনি।


