মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড হয়েছে, সেই অভিযোগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিযুক্ত প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, ট্রাইব্যুনাল যে অভিযোগে মৃত্যুদণ্ড দেয়নি, আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নয়। রায় সঠিক, তবে দণ্ডাদেশ সঠিক হয়নি। তাই যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই অভিযোগেও দুই আসামির মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশন আপিলের সিদ্ধান্ত নিয়েছে।’
মিজানুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি যে, শেখ হাসিনার উসকানির কারণে এদেশে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। চিরপঙ্গুত্ববরণ করেছে, অনেকের দুই চোখ অন্ধ হয়ে গেছে, মাথার খুলি গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এগুলোর শাস্তি মৃত্যুদণ্ড এবং আমরা বিশ্বাস করি, এটাই হওয়া উচিত ছিল। ট্রাইবুনাল অন্য অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও, এই অভিযোগেও আসামিদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল।
মানবতাবিরোধী অপরাধে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনাসহ তিন আসামির মামলার রায় দেয়। রায়ে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে রাজসাক্ষী হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তথ্য দিয়ে আদালতকে সহযোগিতা করায় তাদের সহযোগী মামুনকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।
হাসিনা ও কামাল পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচার হয়। রায়ে আদালত বলেছে, হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে। তবে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগকে আদালত এক সঙ্গে গ্রহণ করেছে।
এই অভিযোগে হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। চতুর্থ ও পঞ্চম অভিযোগকে একীভূত করে এই অভিযোগে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


