রাজধানীর গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে হার্টের বাইপাস সার্জারি শেষে বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের সিনিয়র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক শহীদ আহমেদ চৌধুরী জানিয়েছেন, জামায়াত আমিরকে আরও তিন সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। এরপর এক মাসের মধ্যে তিনি নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন।
গত ৩০ জুলাই এনজিওগ্রাম পরীক্ষার পর শফিকুর রহমানের হার্টে চারটি ব্লক ধরা পড়ে। এরপর গত ২ আগস্ট তার বাইপাস সার্জারি হয়।
১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়েন তিনি।
জামায়াত আমির হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে দোয়ার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।


