হালিশহরে বিস্ফোরণের ১ মাস পর স্নিগ্ধার মৃত্যু, পরিবারের কেউ বেঁচে নেই

হালিশহরে বিস্ফোরণের ১ মাস পর স্নিগ্ধার মৃত্যু, পরিবারের কেউ বেঁচে নেই
বিস্ফোরণে পুড়ে ছাই গোটা ফ্ল্যাটের বেশিরভাগ আসবাব | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের হালিশহরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন উম্মে আইমান স্নিগ্ধা (১০) মারা গেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট সাতজনের মৃত্যু হলো।

বুধবার রাত ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্নিগ্ধা মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের মেয়ে। এর আগে, এ ঘটনায় তার বাবা সাখাওয়াত হোসেন, মা নুরজাহান বেগম এবং ভাই সাফায়াত হোসেন মারা যান। স্নিগ্ধার মৃত্যুর পর পরিবারটির আর কেউ বেঁচে রইল না।

স্নিগ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

গত ২৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে হালিশহর এলাকার ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন লাগে।

এ ঘটনায় সাখাওয়াত হোসেনের পরিবারের চার সদস্য ছাড়াও তার পর্তুগালপ্রবাসী মেজো ভাই সামির আহমেদ, সামিরের স্ত্রী পাখি আক্তার এবং ছোট ভাই শিপন হোসেন নিহত হন।

দগ্ধদের মধ্যে স্নিগ্ধাসহ মোট নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বর্তমানে স্নিগ্ধার চাচাতো ভাই-বোন আয়েশা (৪) ও ফারহান আহমেদ (৬) চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার এক মাস পার হলেও বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর