হামের প্রাদুর্ভাবের কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। যেখানে স্থাপন করা হয়েছে ২০টি বেড।
সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। সেখানে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, এমনকি সব ধরনের ওষুধ সরবরাহ করবে ঢাকা মেডিকেল।
পরিচালক বলেন, ‘রোববার রাতেই সেনাবাহিনী কাজ শেষ করেছে। চারপাশে তাবু টানিয়ে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা না হয়। ভেতরে ২০টি বেড দেওয়া আছে। এ ছাড়া ৯টি এসির ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ঢাকা মেডিকেলের গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেনের কাজ চলছে, যাতে পানি না জমে। বিদ্যুৎ সংযোগেরও কাজ চলছে। খুব শিগগিরই এখানে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া শুরু হবে।’


