সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৮৮ জনের শরীরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের সন্দেহজনক মৃত্যু হলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে ২৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৯৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩১ জন।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২০ জন এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ৯ জন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৯৮০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৪ হাজার ৯৪৪ জনের সংক্রমণ নিশ্চিত।
এই সময়ে নিশ্চিত হামে ৪৭ জন এবং সন্দেহজনকভাবে ২২৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর হারে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে, যেখানে মোট ১৬ হাজার ২৬৩ জন রোগী শনাক্ত এবং ৩১ জনের মৃত্যু হয়েছে।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বড় ধরনের সাফল্য দেখিয়েছে। গত ৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ কোটি ৯ লাখ ২১ হাজার ৫৬১ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ। বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ তাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
সিটি করপোরেশনগুলোর মধ্যে গাজীপুর ১৪৬ শতাংশ কভারেজ নিয়ে শীর্ষে অবস্থান করছে। তবে সিলেট সিটি কর্পোরেশন ৭৮ শতাংশ কভারেজ নিয়ে তুলনামূলক পিছিয়ে রয়েছে। এ পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় মোট ১৪ লাখ ২৪ হাজার ২৬১ জন শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।


