নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ি থেকে বের হন তালেবুর। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও তার কোনো খোঁজ পাননি। পরবর্তীকালে বৃহস্পতিবার সকালে চাড়ালকাটা নদীর সাইফোন এলাকায় স্থানীয় কয়েকজন নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারের সময় তালেবুর রহমানের পরনে একটি গামছা ছিল। তবে তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু নিশ্চিত করেনি পুলিশ।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, স্বজনদের তথ্য অনুযায়ী তালেবুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


