দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যার সবগুলোই ঘটেছে ঢাকা বিভাগে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯৩ জন এবং ৯৯৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭৬০ জনে ও ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৩৯০ জন।
বিগত তিন মাসের অধিক সময়ে হাম বা হামের সন্দেহজনক উপসর্গে মোট ৫৯৬ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামের কারণে মারা গেছেন ৯৩ জন।
এ ছাড়া এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৯ হাজার ৬৩৭ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২১ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৯১১ জন।
দেশের বিভাগভিত্তিক তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, হামের প্রকোপ ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
ঢাকায় এ পর্যন্ত সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১৯ জন এবং সন্দেহভাজন হিসেবে মারা গেছেন ২৫৪ জন, যার মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৫২ এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ৫৭ জনের।
অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে নিশ্চিত আক্রান্ত ১ হাজার ৫০ জন এবং মৃত্যু ১০ জন (সন্দেহভাজন আক্রান্ত ১৬ হাজার ২৭৭, মৃত্যু ৫০); রাজশাহীতে নিশ্চিত আক্রান্ত ১ হাজার ১৫৫ জন এবং মৃত্যু ২ জন (সন্দেহভাজন আক্রান্ত ৭ হাজার ৭৭৭, মৃত্যু ৮৮); বরিশালে নিশ্চিত আক্রান্ত ৩২৯ জন এবং মৃত্যু ১৯ জন (সন্দেহভাজন আক্রান্ত ৯ হাজার ৪৩৭, মৃত্যু ৩৯); সিলেটে নিশ্চিত আক্রান্ত ৩৬৭ জন এবং মৃত্যু ৩ জন (সন্দেহভাজন আক্রান্ত ৫ হাজার ১৬৫, মৃত্যু ৭৫); ময়মনসিংহে নিশ্চিত আক্রান্ত ৩৬১ জন এবং মৃত্যু ২ জন (সন্দেহভাজন আক্রান্ত ৪ হাজার ৪০১, মৃত্যু ৫৫); খুলনায় নিশ্চিত আক্রান্ত ২৮৭ জন ও কোনো নিশ্চিত মৃত্যু নেই (সন্দেহভাজন আক্রান্ত ৬ হাজার ৮৫২, মৃত্যু ২৭); এবং রংপুরে নিশ্চিত আক্রান্ত ৮৯ জন ও কোনো নিশ্চিত মৃত্যু পাওয়া যায়নি (সন্দেহভাজন আক্রান্ত ১ হাজার ৮৩২, মৃত্যু ৮)।


