ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। বুধবার (২৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন তিনি।
শাহনাজ খুশি জানান, দীর্ঘদিন ধরে মেসির বিভিন্ন মুহূর্তের ছবি সংগ্রহ করে রেখেছেন। সম্প্রতি সেই ছবিগুলো দেখতে গিয়ে তিনি লক্ষ্য করেন, একই মুহূর্তের কিছু ছবি একাধিকবার সংরক্ষণ করেছেন।
তবে সবচেয়ে বেশি নাড়া দেয় মেসির একটি উল্কির ছবি। সেখানে ফুটবল তারকার পিঠে তার মায়ের মুখের উল্কি আঁকা রয়েছে। বিষয়টি জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।
পোস্টে নিজেকে ‘এক গ্রাম্য মা’ হিসেবে উল্লেখ করে শাহনাজ খুশি লেখেন, মা ও সন্তানের সম্পর্কের গল্প তাকে সবসময় স্পর্শ করে। তার মতে, বিশ্বের অন্যতম সফল একজন মানুষের শরীরে মায়ের প্রতিকৃতি ধারণ করা নিঃস্বার্থ ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য প্রকাশ।
দুই সন্তানের জননী এই অভিনেত্রী আরও বলেন, একজন মানুষ বড় হয়ে ওঠার পেছনে নানা ভূমিকা থাকলেও জন্মদাত্রী মায়ের আশীর্বাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব মানুষের জন্ম যে মায়ের গর্ভ থেকেই, সেই চিরন্তন সত্যের কথাও তিনি স্মরণ করেন।
পোস্টের শেষাংশে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহনাজ খুশি লেখেন, ‘স্যালুট মাই হিরো লিওনেল মেসি।’
মেসির জন্মদিনে দেওয়া অভিনেত্রীর এই আবেগঘন পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়েছে।


