হামে আবারও শিশুর মৃত্যু দুই অঙ্কে

হামে আবারও শিশুর মৃত্যু দুই অঙ্কে
হাসপাতালে ভর্তি হাম রোগে আক্রান্ত এক শিশুর পাশে তার মা। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

হামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যু হয়েছে এক শিশুর এবং অপর ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যুর এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক রোগীর সংখ্যা ১ হাজার ১৬৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে। এ ছাড়া ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৩১৩ জন। এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মারা গেছে ৫০ জন এবং সন্দেহজনক মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

বিভাগীয় পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সংক্রমণের হার এবং মৃত্যু সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫২৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভাগ যেমন চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালেও রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭ হাজার ৮১৬ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৪ হাজার ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬’ জোরদার করেছে। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৩৩ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে লক্ষ্যমাত্রার শতভাগ কাভারেজ অর্জিত হয়েছে। সিটি করপোরেশন এলাকাগুলোতেও টিকাদান কার্যক্রম চলছে দ্রুতগতিতে, যার গড় কাভারেজ বর্তমানে ১০৫ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad