রাজধানীর একাধিক স্থানে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনার জড়িতদের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, রাজধানীর একাধিক স্থানে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। এসব ঘটনায় জড়িতদের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।
রাড্ডার ঘটনায় পুলিশের অবহেলা এবং ব্যর্থতার অভিযোগ উঠায় এরই মধ্যে ভারপ্রাপ্ত কর্মকতাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। রাড্ডার ঘটনায় নয়জন গ্রেপ্তার হয়েছে। আর ইসিবি চত্বরের ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে এবং অন্য সব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, শনিবার রাতে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল এ হামলা চালিয়েছে। তার দাবি, হামলাকারীরা প্রকল্পের প্রায় ৫০ কোটি টাকার সম্পদ লুট করেছে এবং পুরো প্রকল্প এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি অভিযোগ করেন, ভাষানটেক এলাকার কিশোর গ্যাং ও ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহার করে একটি অপরাধী চক্র এ হামলা চালিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে মাথায় লাল কাপড় বেঁধে মুখোশ পরা ২৫০ জনের বেশি লোক দুর্বৃত্তদের মতো দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রাড্ডা ক্লিনিক।
এদিকে, শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে জাসদের কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে আটক ব্যক্তিদের মধ্যে ২৪৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পল্টন ও শাজাহানপুর থানায় রাখা হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই থানায় আরও ২৭ জন আটক রয়েছেন বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ।
তিনি আরও জানান, বর্তমানে আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


