ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
শনিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার একটি বিবৃতি পাঠানো হয়েছে।
বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘ওসমান হাদির মৃত্যুর ঘটনায় যখন সমগ্র জাতি শোকাহত, তখন এই ঘটনার অপসুযোগ নিয়ে কিছু উগ্রগোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’র ভবন আক্রমণ করেছে, তাতে আগুন দিয়েছে এবং এই প্রতিষ্ঠানের অনেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস করেছে।’
‘ছায়ানট’র পরিচালনায় ওই ভবনে ‘নালন্দা’ নামে যে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়, এই আক্রমণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আমি সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’র কার্যালয়ে আক্রমণ ও অগ্নিসংযোগেরও নিন্দা জানাই।’
বিবৃতিতে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের দুটি সংবাদপত্র ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর কার্যালয়ে আক্রমণ এবং এ দেশের প্রবীণ ও সাহসী সাংবাদিক নূরুল কবীরকে অপদস্থ করার হীন কর্মকাণ্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।’
‘স্বার্থান্বেষী মহলের এ ধরনের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফলে বাংলাদেশবিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দিতে পারে।’


