নোয়াখালীর হাতিয়া থেকে ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের হাতিয়া স্টেশনের এক বিশেষ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত হাতিয়া থানাধীন মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। এসময় সন্দেহজনক দুইটি কাঠের নৌকা তল্লাশি করে জাটকা জব্দ করা করে কোস্ট গার্ড।
তবে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তারা।
জাটকাগুলো দুপুরে হাতিয়া থানা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।


