চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাকিব (২৪) নামে এক ওমানপ্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর গ্রামের বাসিন্দা মো. রফিকুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব তার মামাতো ভাই ইমরুল কায়েসের সঙ্গে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। পথে মদনহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পেছনে বসা সাকিব হঠাৎ সিট থেকে ছিটকে সড়কে পড়ে যান।
এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, একটি ট্রাককে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। সাকিব মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছন দিয়ে আসা ট্রাকটি তাকে চাপা দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


