হাইতিকে দিয়ে ব্রাজিলকে পাতা ওল্টানোর আহ্বান গ্যাব্রিয়েলের

হাইতিকে দিয়ে ব্রাজিলকে পাতা ওল্টানোর আহ্বান গ্যাব্রিয়েলের
গ্যাব্রিয়েল মাগাহায়েস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে এই লড়াইয়ে মাঠে নামার আগে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগাহায়েস তার দলকে বিশ্বকাপের প্রথম ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স ভুলে সম্পূর্ণ নতুনভাবে সামনে তাকানোর আহ্বান জানিয়েছেন।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ‘সি’গ্রুপের অভিযান শুরু করেছিল। এবার তারা জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছে এমন এক হাইতি দলের বিরুদ্ধে, যারা ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েল বলেন, ‘আমরা জানি আমাদের কী করতে হবে। আমরা জানি যে প্রথম ম্যাচটি আমাদের ভালো যায়নি, তবে আমাদের কাছ থেকে এটুকুই আশা করা যায় যে আগামীকাল আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মাঠে নামব এবং জেতার জন্য আমাদের সর্বোচ্চটা দেব।’

তিনি আরও যোগ করেন, ‘ম্যাচটি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, তবে সেটি এখন অতীত এবং আমরা তা থেকে শিক্ষা নিয়েছি।’

হাইতির বিপক্ষে আগের তিনটি দেখাতে জিতেছে ব্রাজিল। এর মধ্যে ২০১৬ সালের কোপা আমেরিকা সেন্টেনারিওতে তাদের একমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে ৭-১ ব্যবধানের বিশাল জয়টি অন্যতম। প্রতিপক্ষকে সমীহ করে গ্যাব্রিয়েল বলেন, ‘প্রতিপক্ষ কে সেটা বড় কথা নয়, প্রতিটি ম্যাচই কঠিন এবং কোনো ম্যাচই সহজ নয়। আমরা কোনো ভুল করতে পারি না। তারা শারীরিকভাবে বেশ শক্তিশালী একটি দল।’

আরও পড়ুন

এদিকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কোয়াডের ওপর আস্থা বজায় রেখেই তিনি দলে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছেন। এই ইতালীয় কোচ বলেন, ‘কিছু পরিবর্তন করব, তবে তা খুব বড় কোনো পরিবর্তন হবে না। হয়তো এমন কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে যারা অন্যদের চেয়ে বেশি বিশ্রামে ছিল।’

টুর্নামেন্টের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার দর্শন তুলে ধরে তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে ভালো সূচনা করা গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলটিকে নিখুঁত হওয়ার চেয়ে অনেক বেশি লড়াকু হতে হবে।’

পরিস্থিতি অনুকূলে না থাকলে হাল না ছাড়ার তাগিদ দিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘পরিস্থিতি যখন অনুকূলে থাকে না, তখন আপনাকে লড়াকু মানসিকতা দেখাতে হবে; কোনো কিছু ঠিকঠাক না চললে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি মনে করি এই দলটির সেই লড়াকু মানসিকতা আছে এবং তারা আরও উন্নতি করবে।’

ধীরগতির সূচনা এবং কাফ ইনজুরি থেকে সেরে উঠতে থাকা নেইমারের টানা অনুপস্থিতি সত্ত্বেও আনচেলত্তি দলের ওপর পূর্ণ আত্মবিশ্বাসী। দলের ভেতরকার ইতিবাচক আবহের কথা জানিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়দের নিজেদের ভুলত্রুটি নিয়ে আত্মসমালোচনা ইতিবাচক ছিল এবং আমরা গত কয়েক দিন ধরে ভুলগুলো শুধরে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছি। আমার বিশ্বাস আমরা দ্রুতই এই সমস্যার সমাধান করে ফেলব–আজ হোক বা কাল, আমরা ঠিকই ঘুরে দাঁড়াব।’

আত্মবিশ্বাসী এই ব্রাজিলিয়ান কোচ শেষ মন্তব্যে জানান, ‘আমি এখনো বিশ্বাস করি এই দলই বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা রাখে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad