হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৭টি করাতকলের লাইসেন্স না থাকায় সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়া জব্দ করা হয়েছে কাঠ এবং করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শানখলা বাজার ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, চুনারুঘাট উপজেলা একটি পাহাড়ি অঞ্চল। যে কারণে এই অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে বহু অবৈধ করাত কল। এরই পরিপ্রেক্ষিতে অবৈধ করাত কল বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় লাইসেন্স বিহীন ৭টি করাত কল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
একই সঙ্গে অবৈধ করাত কল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া করা হয়। এছাড়াও বন্ধ ঘোষণা করার পরেও কেউ অবৈধ করাতকল সমূহে কোনো কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।


