হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
আতিকুর রহমান রুমন জানান, সভায় হজযাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলো চিহ্নিত করে কীভাবে দূর করা যায় কিংবা কমিয়ে আনা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এবার হজযাত্রীদের সেবায় যারা নিয়োজিত থাকবেন তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। তাদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সর্তক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালনে সৌদি আরব যাবেন। সরকারি উদ্যোগে যাবে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি উদ্যোগে হজযাত্রীর সংখ্যা ৭৩ হাজার ৯৩৫ জন। এসব হজযাত্রীর মধ্যে বাংলাদেশ বিমানে যাবেন ৫০ শতাংশ। অন্যরা সোদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস বিমান সংস্থার ফ্লাইটে যাবেন।
এ বছর হজের ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল রাত থেকে। সভায় হজ ব্যবস্থাপনার উন্নয়ন, হাজীদের সকল তথ্যাদি অনলাইনে সন্নিবেশিত, হজ এজেন্সির কাজের মূল্যায়ন, যেসব হজ এজেন্সি নিয়ে অভিযোগ তা চিহ্নিত করা, হাজীদের গাইডের জন্য মোয়াল্লেম সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের থেকে নিয়োগের (আগামী হজে থেকে) ব্যবস্থা করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।


