সারাদেশে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি না মানলে মঙ্গলবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
সোমবার সকাল ১১টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ, ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল ১১টার পর সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
৬ দফা দাবিগুলো হচ্ছে
- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকর্তৃক গত ১৯ মে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।
- বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
- স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।
- ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।
- বিএমডিসি ২০২৩ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
- বিসিপিএস এবং সকল সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করতে হবে।


