‘দীপ্ত কৃষি’র এক দশক

‘দীপ্ত কৃষি’র এক দশক
Advertisement
Advertisement

দীপ্ত টেলিভিশনের জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ পূর্ণ করলো এক দশকের সফল পথচলা। ২০১৬ সালের ৭ জুন যাত্রা শুরু করা অনুষ্ঠানটি সপ্তাহে ছয় দিন সম্প্রচারিত হয়ে ইতোমধ্যে ১,৮৪১টি পর্ব সম্পন্ন করেছে। ‘দীপ্ত কৃষি’ প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ২৫ মিনিটে।

শুরু থেকেই প্রান্তিক কৃষক ও কৃষি পরিবারের জীবন-সংগ্রাম, সাফল্য এবং সম্ভাবনার গল্প তুলে ধরার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে ‘দীপ্ত কৃষি’। খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের সাহসী উদ্যোগ, কৃষি উদ্যোক্তাদের সাফল্যগাঁথা এবং দেশের কৃষি উন্নয়নের নেপথ্যের মানুষদের অবদান ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই আয়োজনে।

জলবায়ু পরিবর্তন, করোনা মহামারিসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশের কৃষি যে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে, তার পেছনের গবেষক, উদ্যোক্তা, কৃষক ও প্রতিষ্ঠানগুলোর কাজও স্থান পেয়েছে অনুষ্ঠানে। সরকারি ও বেসরকারি উদ্যোগ, নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণার ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘দীপ্ত কৃষি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গত দশ বছরে দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় ছুটে গেছে ‘দীপ্ত কৃষি’ টিম। প্রত্যন্ত গ্রামের অজানা কৃষি উদ্যোগ, উদ্ভাবনী চর্চা এবং সফলতার গল্প তুলে এনে বহু মানুষকে কৃষিকাজে অনুপ্রাণিত করেছে অনুষ্ঠানটি। একই সঙ্গে অঞ্চলভিত্তিক কৃষি সংকট ও তার সম্ভাব্য সমাধান নিয়েও নিয়মিত প্রতিবেদন প্রচার করা হয়েছে।

দীপ্ত কৃষি‘র প্রযোজনায় আছেন শামীমা শাওন এবং কাজী ফাহিমুল হক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad