বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শেখ শিমনের (২১) বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার পাশাপাশি পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার।
শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুলিয়া কমিটির সাবেক সদস্য।
যখন তাকে আটক করে পুলিশ সেসময় তার সঙ্গে আরও ২০ থেকে ২২জন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ছিলেন, তবে তারা পালিয়ে যান।
জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার বিকালে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে শিমনকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। বেদীতে ফুল দেওয়ার জন্য এসেছিলেন। তারা একসঙ্গে ২০ থেকে ২২জন ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।


