দেশের মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
তিনি বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। তাই মানুষকে ধোঁকা দিয়ে কাজ হবে না। বিদেশিদের কাছে আমরা আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই না। অপশাসনের বিরুদ্ধে লড়ে যেতে হবে। যে কাজ মাত্র সাড়ে তিন বছরে করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘মহান মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই সিনিয়র নেতা এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মঈন খান বলেন, সাম্প্রতিক হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। ঢাকা শহরে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করেন। ২০৫০ সালে ঢাকা শহর হবে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বৃহত্তম শহর। তবে সেই শহরকে আমরা কীভাবে পরিচালনা করব, সেটিই ভাবার বিষয়। আমরা অর্থনৈতিকভাবে এখনো শক্তিশালী না হলেও ইনফরমাল ইকোনমির মাধ্যমে ডাল-ভাত খেয়ে বেঁচে আছি। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের এসব বিষয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা গণতন্ত্র খুঁজে ফিরি। এই গণতন্ত্রের জন্যই তো একাত্তরে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার তথা মুক্তির জন্য মানুষ যুদ্ধ করেছে।
যারা অতীতে দেশের নেতৃত্ব দিয়েছেন এবং যারা বর্তমানে দিচ্ছেন, তাদের এজন্য জবাবদিহি করতে হবে-তারা কেন ব্যর্থ হয়েছেন?
মঈন খান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের অর্জন কী? আমাদের চিন্তাধারার পরিবর্তন আনতে হবে। মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, গত ৫৪ বছরে যখনই কোনো স্বৈরশাসক দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, তখনই বিদ্রোহ হয়েছে। প্রতিবারই মানুষ প্রতিবাদ করেছে। আজকের আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিষ্ঠুর। কারণ, এটি মানুষের অনুভূতিকে ভোঁতা করে দেয়। মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তাদের এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হবে।
ড্যাবের সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, সিনিয়র সহসভাপতি আবুল কেনান, ভারপ্রাপ্ত মহাসচিব খালেকুজ্জামান দীপু, কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম, মোস্তাক রহিম স্বপন, পারভেজ রেজা কাকন, এরফানুল হক সিদ্দিকী, আদনান হাসান মাসুদ, শফিউল্লাহ ঝিন্টু, সামিউল হাসান বাবু, মাসুদ আক্তার জীতু ও আলমগীর হোসেন জনি।


