আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে লড়াই করতে মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
একই দিনে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী।
সব মিলিয়ে চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে তিনজন বিএনপি এবং তিনজন জামায়াতের প্রার্থী।
এছাড়া চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইস্রাফিল খসরুর পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ বলেন, বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয় থেকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারি ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসন থেকে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ও সংশ্লিষ্ট কার্যালয় থেকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী ডা. মো. শাহাদাৎ হোসেন ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসন থেকে শাহজাহান চৌধুরী মনোনয়নপত্র নিয়েছেন।
গত শুক্রবার শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র কেনার প্রক্রিয়া।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
এর বাইরে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
অর্থাৎ এসব কার্যালয়ে মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।


