স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, যেসব হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করবে, তাদের লাইসেন্স বাতিল করা হবে।
ঈদের ছুটির পর মঙ্গলবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকায় অবস্থিত সব ক্লিনিক পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। আগামী সাত দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণ যাতে মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেটিই এই পরিদর্শনের মূল লক্ষ্য হবে।
তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে সেবার মান উন্নত করার সুযোগ রয়েছে, সেখানে তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। তবে গুরুতর অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ত্রুটি সংশোধনের জন্য প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি থাকলে তা সংগ্রহের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ও লাইসেন্স নবায়নের জন্য যেসব শর্ত পূরণ বাধ্যতামূলক, তা নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না করলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত করে ব্যক্তিগত সুবিধা আদায়ের উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না।
তিনি আরও দাবি করেন, এবারের ঈদে হাসপাতালগুলোতে রোগীরা তুলনামূলকভাবে ভালো সেবা পেয়েছেন।


